হিল ভয়েস, ২০ এপ্রিল ২০২৬, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলাধীন বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি-দীঘিনালা সড়ক সংলগ্ন অজলচুগ আমতলা নামক এলাকা হতে ইউপিডিএফ (প্রসিত) সন্ত্রাসী কর্তৃক বাঘাইছড়ি এলাকার দু’জন মোটরসাইকেল চালকসহ মোট ৪ জন জুম্ম যুবক অপহরণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটে গতকাল (১৯ এপ্রিল ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬ ঘটিকার দিকে।
অপহৃত যুবকরা হলেন- আশাপ্রিয় চাকমা (২৯), পিন্টু চাকমা (২৬), কালায়ে চাকমা (৩১) ও সুমন চাকমা (২৩)। তাদের বাড়ি ৩২ নং বাঘাইছড়ি ইউনিয়নের উগলছড়ি ও কোজোইছড়ি এলাকায় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল (১৯ এপ্রিল) দুপুরে তারা ব্যক্তিগত কাজের জন্য বাঘাইহাট এলাকায় গিয়েছিলেন। যথারীতি কাজ শেষে যখন তারা বাড়ি ফিরছিলেন সেসময় দীঘিনালা-বাঘাইছড়ি সড়কের অজলচুগের আমতলা নামক এলাকায় পৌঁছলে দেখতে পান রাস্তাটি সেগুন গাছের কাঠ দিয়ে কে বা কারা অবরোধ করে দিয়েছে। তাই তারা রাস্তাটি পরিষ্কার করার জন্য গাড়ি থেকে নামতে বাধ্য হন।
এরপর যেই তারা কাঠগুলো অন্যত্র ছড়িয়ে ফেলার জন্য মোটরসাইকেল থেকে নেমে পড়েন, তৎক্ষণাৎ ইউপিডিএফের সশস্ত্র লোকজন আড়াল থেকে তাদের সামনে এসে উপস্থিত হয়।
পরে কোনো কথাবার্তা ছাড়াই ইউপিডিএফ সন্ত্রাসীরা তাদেরকে (৪ যুবক) সেখান থেকে অপহরণ করে নিয়ে যায় বলে জানা যায়।
ইউপিডিএফ সন্ত্রাসীরা ঠিক কেন এবং কী কারণে যুবকদেরকে এভাবে আচমকা অপহরণ করে নিয়ে গেছে তার কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া না গেলেও, তাদের ৪ জনকে ইউপিডিএফের দলীয় আস্তানায় নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়েছে বলে বিশ্বস্ত এক সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, ইউপিডিএফ’র সাবেক কর্মী বিকাশ চাকমা ও সশস্ত্র সদস্য অজল চাকমার নেতৃত্বে এ অপহরণের ঘটনাটি সংঘটিত হয়েছে বলে সূত্রটি জানিয়েছে।
সর্বশেষ সূত্র অনুযায়ী আটক হওয়া যুবকদের স্ব স্ব অভিভাবককে আজ (২০ এপ্রিল ২০২৬) দুপুর ২.০০ ঘটিকার মধ্যে তাদের আস্তানায় উপস্থিত থাকার জন্য ইউপিডিএফ’র (প্রসিত) পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য, অপহৃতদের মধ্যে পিন্টু চাকমা ও কালায়ে চাকমা পেশাদার মোটরসাইকেল চালক এবং বাকী দু’জনও কেউ রাজনীতির সাথে সম্পৃক্ত নয় বলে জানা গেছে।