Tuesday, 22 Sep 2026
পার্বত্য চট্টগ্রাম September 12, 2026

বান্দরবানে এম এন লারমার ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বিষয়ভিত্তিক বক্তৃতা প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত

হিল ভয়েস, ১২ সেপ্টেম্বর ২০২৬, বান্দরবান: জুম্ম জাতীয় জাগরণের অগ্রদূত মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমা’র ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বান্দরবান শহরস্থ মাস্টার গেস্ট হাউজে বিষয়ভিত্তিক বক্তৃতা প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে।

আজ ১২ সেপ্টেম্বর সকাল ১০ ঘটিকায় মানবেন্দ্র নারায়ণ লারমা’র ৮৭তম জন্মবার্ষিকী পালন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা।

আয়োজক কমিটির সদস্য এডিশন চাকমার পরিচালনায় বান্দরবান বালিকা উচ্চ বিদ্যালয়, বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়, জেলা পরিষদ স্কুল ও কলেজ, কালেক্টরেট স্কুল ও কলেজ, ডনবস্কো উচ্চ বিদ্যালয়, বালাঘাটা বিলকিস বেগম উচ্চ বিদ্যালয়, আইডিয়াল উচ্চ বিদ্যালয়, বান্দরবান সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, বান্দরবান বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৩০ জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

প্রতিযোগীদের বক্তব্য উপস্থাপনার উপর মান মূল্যায়নের জন্য সাবেক সিভিল সার্জন, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ডাঃ মংঊষা থোয়াই, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও ডনবস্কো উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সোহেল হেমব্রম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য সুমন মারমা বিচারক হিসেবে উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা সুন্দর সমাজ গঠনে নারী সমাজের ভূমিকা এবং কিশোর অপরাধ দূরীকরণে স্কুল শিক্ষার্থীদের করণীয় প্রসঙ্গে, একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা পাহাড়ের জীবন ও সংস্কৃতি এবং তরুণ সমাজের নৈতিক অবক্ষয় ও করণীয় বিষয়ে, স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীরা এম এন লারমা জীবন ও দর্শন এবং মাদকাসক্তি দূরীকরণে যুব সমাজের করণীয়ে বিষয়ে অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মান মূল্যায়ণ নিয়ে পরামর্শমূলক বক্তব্য রাখেন বিচারকমন্ডলী সদস্য ডাঃ মংঊষা থোয়াই। এছাড়াও ৭ জন প্রবীণ ও ছাত্র কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করেন। সমাপনী বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক মেঞোচিং মারমা।

আগামী ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।