Tuesday, 22 Sep 2026
আদিবাসী অধিকার January 9, 2021

বিলাইছড়িতে সেনাবাহিনী কর্তৃক পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির এক কর্মী আটক

হিল ভয়েস, ৮ জানুয়ারি ২০২১, রাঙ্গামাটি: সেনাবাহিনী কর্তৃক বিনা ওয়ারেন্টে রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন বিলাইছড়ি উপজেলার পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির ফারুয়া ইউনিয়ন কমিটির সহ-সভাপতি রনজিৎ কুমার চাকমাকে (৪৮) আটক করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল ৭ জানুয়ারি ২০২১ ভোর ৩:৩০ টায় সেনাবাহিনীর ফারুয়া বাজার সাব জোনের একদল সেনাসদস্য ফারুয়ার এগুজ্জেছড়ি গ্রামের নিজ বাড়ি থেকে রনজিৎ কুমার চাকমাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

সেনাবাহিনী কী কারণে রনজিৎ কুমার চাকমাকে আটক করে নিয়ে গেছে তা সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়নি। রনজিৎ কুমারের পরিবারও জানে না তাকে আটকের কারণ।

জানা গেছে, আজ ৮ জানুয়ারি ২০২১ বিকাল আনুমানিক ৪:০০ টার দিকে আটক ব্যক্তিকে বিলাইছড়ি সদরের দীঘলছড়ি সেনা জোনে আনা হয়। এরপর বিকাল আনুমানিক ৫:৩৫ টার দিকে সেনাবাহিনী আটককৃতকে বিলাইছড়ি থানা পুলিশের নিকট সোপর্দ করেছে বলে জানা গেছে।