Tuesday, 22 Sep 2026
আদিবাসী অধিকার July 31, 2021

মহালছড়িতে এক সেটেলার বাঙালি কর্তৃক এক জুম্ম কিশোরী ধর্ষণের চেষ্টার শিকার

হিল ভয়েস, ৩১ অক্টোবর ২০২১, খাগড়াছড়ি: খাগড়াছড়ি পার্বত্য জেলাধীন মহালছড়ি উপজেলার মাইচছড়ি রবিচন্দ্র কার্বারি পাড়ায় মো: সাইদ নামের এক সেটেলার বাঙালি কর্তৃক এক চাকমা কিশোরী (১৫) ধর্ষণের চেষ্টার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী কিশোরীটি স্থানীয় এক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী বলে জানা গেছে।

গতকাল ৩০ জুলাই ২০২১ দুপুর আনুমানিক ২:০০ টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুর বেলায় নিজ বাড়িতে কিশোরীটি রান্নার কাজে ব্যস্ত ছিল। বাড়ির অন্যান্যরা জুমের কাজে গেলে সে একাই বাড়িতে অবস্থান করছিল। এমন সময় দুপুর আনুমানিক ২:০০ টার দিকে মাইচছড়ি বাজার এলাকার বাসিন্দা সেটেলার বাঙালি মো: সাইদ (২৮), পীং-বাদশা মিঞা এসে বাড়িতে প্রবেশ করে জোরপূর্বক ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে। এসময় মেয়েটি চিৎকার ও ধস্তাধস্তি করে সেখান থেকে পালিয়ে নিজেকে রক্ষা করতে সক্ষম হয়।

জানা গেছে, ধর্ষণের চেষ্টাকারী মো: সাঈদ বাংলাদেশ ছাত্রলীগের স্থানীয় একজন প্রাক্তন কর্মী এবং তার বড় ভাই মো: জহির মাইচছড়ি বাজারে একজন প্রভাবশালী ব্যবসায়ী।

এই রিপোর্ট লেখা পর্যন্ত, ধর্ষণের খবরটি বিভিন্ন মাধ্যমে প্রচার হলেও এখনও পর্যন্ত ধর্ষণের চেষ্টাকারীকে গ্রেপ্তার করা হয়নি এবং ভুক্তভোগীদের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়নি বলে জানা গেছে।