Tuesday, 22 Sep 2026
Uncategorized @bn August 18, 2019

ময়মনসিংহে অপারেশন থিয়েটারে এক আদিবাসী গারো নারীকে ধর্ষণের চেষ্টা

হিল ভয়েস, ১৮ আগস্ট ২০১৯, ময়মনসিংহ:  ময়মনসিংহের একটি প্রাইভেট হাসপাতালের ম্যানেজারের বিরুদ্ধে অপারেশন থিয়েটারে একজন গারো মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গিয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত সোহেল রানা আলম পলাতক রয়েছেন। পুলিশ প্রতিষ্ঠানের মালিক মুজিবুর রহমানকে গ্রেফতার করেছে।
পুলিশ জানিয়েছে যে, গত ১৮ আগস্ট রোজ রবিবার ব্রাহ্মপল্লীর পদ্মা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ ৫ জন গারো মেয়েকে চাকরি প্রার্থীতার জন্য ডাকে। কথা বলার একপর্যায়ে সোহেল রানা তাদের একজনকে অপারেশন থিয়েটার দেখানোর জন্য নিয়ে যায়। ভিতরে প্রবেশের কিছুক্ষণ পর সে ঐ মেয়েটিকে ধর্ষণের চেষ্টা চালায়। পরে মেয়েটির বন্ধুরা তাকে উদ্ধার করে। ঘটনাটি জানাজানি হলে আশেপাশের সবাই হাসপাতালে জড়ো হয়।
পুলিশ প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা খুঁজে পায়। ময়মনসিংহ কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল ইসলাম বলেন, তাৎক্ষনিক তদন্তে সত্যতা পাওয়া গিয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।