Tuesday, 22 Sep 2026
আদিবাসী অধিকার August 24, 2026

রংপুরে একটি হিন্দু পরিবারের চার জনের নির্মমভাবে হত্যার সঠিক তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ঐক্য পরিষদের

হিল ভয়েস,২৩ আগস্ট ২০২৬,রংপুর: গতকাল শনিবার (২২ আগস্ট) রাতে পুলিশ রংপুর মহানগরের কামাল কাছনা মাছুয়াপাড়া গ্রামের নিজ বাসভবন থেকে রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষকসহ তার পরিবারের চার সদস্যের মৃতদেহ উদ্ধার করে।

নিহতরা হলেন- রংপুর জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বালা (৫০), মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রীয়ম চক্রবর্তী (১২)।

ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে মুগ্ধ দাস ও সিদ্ধার্থ রায় নামে দুইজন যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বেশ কিছুদিন ধরে বাসাটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। পরিবারের সদস্যদের কোনো সাড়াশব্দ না পাওয়ায় স্থানীয়দের সন্দেহ হয়। পরে বাসার ভেতর থেকে দুর্গন্ধ বের হলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে একটি ঘর থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়।

সিআইডির মাধ্যমে জানা যায়, গত ২০ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার রাতে গলায় রশি ও গামছা পেচিয়ে শ্বাসরোধ করে তাদের হত্যা করা হয়।

ঐক্য পরিষদের রংপুর মহানগর কমিটির আহ্বায়ক অলক নাথ, রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক স্বপন রায়, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক গোপাল বর্মণ আজ রবিবার এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঐক্য পরিষদ এই মর্মান্তিক হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে প্রকৃত কারণ উদঘাটনের মাধ্যমে জড়িতদের দ্রুত সনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের জন্য প্রশাসনের নিকট দাবি জানিয়েছে।