Tuesday, 22 Sep 2026
আদিবাসী অধিকার May 16, 2026

রাঙ্গামাটির বন্দুকভাঙায় বাঙালি মৎস্য ব্যবসায়ী কর্তৃক প্রতিবন্ধী জুম্ম কিশোরী ধর্ষিত

হিল ভয়েস, ১৫ মে ২০২৬, রাঙ্গামাটি: আজ (১৫ মে) রাঙ্গামাটি সদর উপজেলার ৫নং বন্দুকভাঙা ইউনিয়নে প্রতিবন্ধী এক চাকমা কিশোরী (১৬) মোঃ সাইফুল নামে এক বাঙালি মৎস্য ব্যবসায়ী কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযুক্ত ধর্ষক মোঃ সাইফুল (১৯) এর পিতার নাম মোঃ সেলিম, মাতা-বিবি বেগম এবং বাড়ি রাঙ্গামাটি পৌরসভার ১নং ওয়ার্ডের পুরানবস্তী এলাকায় বলে জানা গেছে।

জানা গেছে, আজ সকাল ১০টার দিকে মৎস্য ব্যবসায়ী মোঃ সাইফুল অন্যান্য দিনের মত বন্দুকভাঙা ইউনিয়ন এলাকায় মাছ কিনতে যায়। কিন্তু মোঃ সাইফুল তখন স্থানীয় জেলেদের কাছ থেকে মাছ ক্রয় না করে একই ইউনিয়নের চংড়াছড়ি গ্রামে দীপায়ন চাকমার বাড়িতে যায়। ঐ সময় দীপায়ন চাকমার বাড়িতে তার প্রতিবন্ধী কিশোরী মেয়ে ছাড়া আরও কেউ ছিল না।

তখন মোঃ সাইফুল দীপায়ন চাকমার কিশোরী মেয়েকে একা পেয়ে ধর্ষণ করে। এই সময় ভুক্তভোগী মেয়েটি চিৎকার করলে প্রতিবেশী গ্রামবাসীরা ঘটনাস্থলে ছুটে আসে এবং পালানোর চেষ্টাকালে ধর্ষণকারী মোঃ সাইফুলকে ধরে ফেলে।

এরপর আজ দুপুরের দিকে ভুক্তভোগী মেয়ের পরিবারের লোকজন ও প্রতিবেশীরা মোঃ সাইফুলকে রাঙ্গামাটি কোতোয়ালী থানায় নিয়ে গিয়ে পুলিশের নিকট সোপর্দ করেন বলে জানা গেছে।

এরপর পুলিশ ভুক্তভোগী কিশোরীর অভিভাবককে ভুক্তভোগী কিশোরীকে থানায় নিয়ে যেতে পরামর্শ দেয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত ভুক্তভোগী কিশোরীসহ অভিভাবক ও গ্রামের ইউনিয়ন পরিষদের দুই মেম্বারও থানায় অবস্থান করছেন বলে জানা গেছে।

পুলিশ ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষার প্রক্রিয়া চালাচ্ছে বলে জানা গেছে।

তবে এব্যাপারে মামলা হয়েছে কিনা জানা যায়নি।