হিল ভয়েস, ১০ আগস্ট ২০২৬, রাঙ্গামাটি: পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি)-এর বাঘাইছড়ি থানা শাখার উদ্যোগে উপজেলার চারটি ইউনিয়নের ৭টি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে এক সাংগঠনিক সফর ও শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সফরকালে উদ্দিপন চাকমার নেতৃত্বে পিসিপির প্রতিনিধি দলটি বিদ্যালয়গুলোর শিক্ষকবৃন্দের সাথে সাম্প্রতিক শিক্ষাব্যবস্থার নতুন কারিকুলাম, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিয়ে বিস্তারিত আলোচনা করেন। মতবিনিময় শেষে পিসিপির পক্ষ থেকে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের হাতে ‘মানবেন্দ্র নারায়ণ লারমা স্মারক সংকলন-২০২৫’-এর সৌজন্য কপি উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

পরবর্তীতে শিক্ষার্থীদের সাথে পার্বত্য চট্টগ্রামের সমসাময়িক নানা পরিস্থিতি এবং জীবনমুখী বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। বিশেষ করে বর্তমান সময়ে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার, মোবাইল গেম ও অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব, এবং মদ, গাঁজা ও ইয়াবাসহ মাদকাসক্তির মারাত্মক পরিণতি তুলে ধরে শিক্ষার্থীদের সতর্ক করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলা, স্বাস্থ্য সচেতনতা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে শিক্ষার্থীদের এখন থেকেই পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়। একই সাথে কেবল পাঠ্যপুস্তকের জ্ঞান অর্জনই নয়, বরং নিজেদের শারীরিক ও মানসিক বিকাশ, নৈতিক মূল্যবোধ গঠন এবং সামাজিক দায়িত্ববোধের প্রতি সচেতন হয়ে ওঠার পরামর্শ দেয়া হয়।
সংগঠন সূত্রে জানা গেছে, গত ৪ আগস্ট থেকে ১০ আগস্টের মধ্যে তিনটি ধাপে এই সফর কার্যক্রম পরিচালিত হয়:
১. ৪ আগস্ট ২০২৬, দক্ষিণ পাবলাখালি নিম্নমাধ্যমিক বিদ্যালয়, খেদারমারা উচ্চ বিদ্যালয় এবং উলুছড়ি মৌজা উচ্চ বিদ্যালয়।
২. ৯ আগস্ট ২০২৬, উগলছড়ি উচ্চ বিদ্যালয় ও তুলাবান উচ্চ বিদ্যালয়।
৩. ১০ আগস্ট ২০২৬, মেদিনীপুর নিম্নমাধ্যমিক বিদ্যালয় ও সারোয়াতুলি উচ্চ বিদ্যালয়।
বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে মতবিনিময় ও শিক্ষার্থীদের সচেতনতামূলক এই উদ্যোগ স্থানীয় শিক্ষক ও অভিভাবক মহলে প্রশংসিত হয়েছে বলেও জানা গেছে।