Tuesday, 22 Sep 2026
পার্বত্য চট্টগ্রাম July 24, 2026

রাঙ্গামাটি সরকারি কলেজে পিসিপি ও এইচডাব্লিউএফ’র নবীন বরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

হিল ভয়েস, ২৩ জুলাই ২০২৬, রাঙামাটি: পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশন (এইচডাব্লিউএফ), রাঙ্গামাটি সরকারি কলেজ শাখার যৌথ উদ্যোগে “আলোর দিশারী নবীন হে নবীণ প্রাণ, চেতনায় জাগরিত রেখো শেকড়ের টান”—এই স্লোগানকে সামনে রেখে ‘নবীন বরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬, সকাল ১০টায় রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রাঙ্গামাটি সরকারি কলেজে অধ্যয়নরত ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের এইচএসসি ১ম বর্ষ ও স্নাতক ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ এবং এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিসিপি রাঙ্গামাটি সরকারি কলেজ শাখার সভাপতি জ্ঞান চাকমা। পিসিপি কলেজ শাখার সাধারণ সম্পাদক বিশ্বজিত চাকমা ও এইচডাব্লিউএফ সাধারণ সম্পাদক সুষ্টি চাকমার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিসিপি কলেজ শাখার শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক প্রিয়ন্তি চাকমা। নবীনদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন অনার্সের শিক্ষার্থী ঐশী চাকমা এবং নবীনদের পক্ষে বক্তব্য দেন এইচএসসি ১ম বর্ষের শিক্ষার্থী কনন মহন চাকমা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সম্মানিত সদস্য অ্যাডভোকেট চঞ্চু চাকমা বলেন, “শিক্ষাকে শুধু প্রাতিষ্ঠানিক গন্ডির মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, শিক্ষার্থীদের বাস্তবমুখী ও মানবিক শিক্ষায় সুশিক্ষিত হতে হবে। জুম্ম সমাজের একটি অংশের চেতনা বোধের অভাব ও অলসতার কারণে আমরা আজ পিছিয়ে পড়েছি। এই বাস্তবতায় নবীনদের নতুন পথ খুঁজে নিতে হবে এবং মুক্ত বুদ্ধির চর্চার মাধ্যমে সমাজ পরিবর্তনের জন্য এগিয়ে আসতে হবে।”

তিনি পার্বত্য চট্টগ্রাম চুক্তির দীর্ঘ ২৪ বছর পরও অবাস্তবায়িত থাকার কথা উল্লেখ করে অধিকার আদায়ে তরুণ সমাজকে সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে রাঙ্গামাটি সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ও ইংরেজি বিভাগের প্রধান অনির্বাণ বড়ুয়া বলেন, প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হলে পড়ালেখায় মনোযোগী হতে হবে। শিক্ষার পাশাপাশি প্রযুক্তির সঠিক ও ইতিবাচক ব্যবহার নিশ্চিত করা জরুরি। এছাড়া পার্বত্য অঞ্চলের ভিন্ন বাস্তবতায় শিক্ষার্থীদের রাজনৈতিকভাবে সচেতন থাকার ওপরও জোর দেন তিনি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এইচডাব্লিউএফ রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি কবিতা চাকমা এবং পিসিপি রাঙ্গামাটি জেলা শাখার সহ-সভাপতি সুনীতি বিকাশ চাকমা। বক্তারা জুম্ম শিক্ষার্থীদের নিজেদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সাথে সংযুক্ত থেকে শিক্ষা অর্জনের পাশাপাশি অধিকার আদায়ের সংগ্রামে ভূমিকা রাখার আহ্বান জানান।

আলোচনা ও সংবর্ধনা পর্ব শেষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রাঙ্গামাটি সরকারি কলেজের জুম্ম শিক্ষার্থীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।