Tuesday, 22 Sep 2026
মানবাধিকার July 14, 2026

রাধাগোবিন্দ কালী মন্দিরের হরিদাস চন্দ্র তরণীর গ্রেপ্তারে ঐক্য পরিষদের তীব্র নিন্দা ও ক্ষোভ

হিল ভয়েস, ১৩ জুলাই ২০২৬, ঢাকা: ধর্মীয় বিদ্বেষ সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ না নিয়ে রাধাগোবিন্দ কালী মন্দিরের হরিদাস চন্দ্র তরণীর গ্রেপ্তারে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ তীব্র নিন্দা ও ক্ষোভ এবং আশু মুক্তির দাবি জানিয়েছে।

আজ সোমবার (১৩ জুলাই) বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ঐক্য পরিষদ জানিয়েছে যে,গাইবান্ধার পলাশবাড়ীর শ্রীশ্রী রাধাগোবিন্দ কালী মন্দির চত্বরে ৮১ ফুট উচ্চতায় রামমূতি নির্মাণ করতে চেয়ে আলোচনায় আসা হরিদাস চন্দ্র তরণী দাসকে শেষ পর্যন্ত কথিত অর্থপাচারের মামলায় গতকাল (১২ জুলাই ২০২৬) রাতে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

ধর্মীয় বৈষম্যবিরোধী এ মানবাধিকার সংগঠনের কেন্দ্রীয় কমিটি প্রদত্ত এক প্রেস বিবৃতিতে বলা হয়, বেশ কিছুকাল যাবৎ যে উগ্র সাম্প্রদায়িক মহল মূর্তি নির্মাণের বিরোধিতা করে এসেছে, হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে, সারা দেশজুড়ে অহেতুক ধর্মীয় বিদ্বেষ ছড়িয়েছে।

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে ও নৈরাজ্যকর পরিস্থিতির অবসানে তাদের বিরুদ্ধে কোনরূপ শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ না করে সাম্প্রদায়িক হুমকির শিকার হরিদাসচন্দ্র তরণী দাসকে গ্রেপ্তার নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক ও অগ্রহণযোগ্য এবং তা গণতন্ত্র ও আইনের শাসনের নির্লজ্জতম পরিপন্থী।

ঐক্য পরিষদ অনতিলিম্বে হরিদাস চন্দ্র তরণী দাসের আশু মুক্তির দাবি জানিয়েছে।