হিল ভয়েস, ২৩ জুলাই ২০২৬, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলাধীন রামগড় উপজেলায় সোনাই আগা নামক স্থানে গতকাল বুধবার (২২ জুলাই) সকাল আনুমানিক ৭ ঘটিকার সময় বাজারে যাওয়ার পথে একদল সেটেলার বাঙালি কর্তৃক স্থানীয় জুম্মদের উপর হামলা, মারধর ও মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এই সময় উক্ত হামলায় নারীসহ অন্তত ৬ জন আহত হন বলে জানা যায়।
আহত ব্যক্তিরা হলেন- ১) স্নেহকুমার চাকমা (৪০), ২) রবি শান্তি চাকমা (৩৮), ৩) লক্ষীকুমার চাকমা (৪৫), ৪) বিন্দু চাকমা (৪১), ৫) সোনাদেবী চাকমা (৩৭) ও ৬) গুরিমিলা চাকমা (৩৯)।
স্থানীয় সূত্র মোতাবেক, গতকাল সকালে নাঙ্গেল পাড়ায় বসবাসরত ভুক্তভোগীরা নিজেদের উৎপাদন করা কৃষিপণ্য বিক্রির জন্য মো. দিদার নামে এক টমটম চালকের গাড়িতে করে রামগড় বাজারে যাচ্ছিলেন। পরবর্তীতে তারা সোনাই আগা এলাকায় পৌঁছালে স্থানীয় মো. ইউনুস (আবুল কালাম) ও সেটেলার বাঙালি মো. ইউসুবের নেতৃত্বে ৭ জনের একটি দল তাদের গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। জানা যায়, মো. ইউসুবের নামে অবৈধ চাঁদা তোলা সহ বিভিন্ন অপরাধে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।
এই সময় হামলাকারীরা স্নেহকুমার চাকমার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন, দুটি রবি সিম ও একটি গ্রামীণফোন সিম এবং অন্য একজনের কাছ থেকে ঋণ নেওয়া নগদ ৪ হাজার টাকা ছিনিয়ে নেয়। এছাড়া বাজারে বিক্রির জন্য নেওয়া ৩২টি কলা ও প্রায় ২ মণ কাঁচা সবজিও লুট করে নিয়ে যায়।
উক্ত হামলায় গুরুতর আহত স্নেহকুমার চাকমা অর্থাভাবের কারণে হাসপাতালে চিকিৎসা নিতে পারেননি। বর্তমানে তিনি নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ভুক্তভোগীদের পক্ষ থেকে অপরাধীদের বিরুদ্ধে কোনো প্রকার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে কিনা জানা যায়নি।