Tuesday, 22 Sep 2026
পার্বত্য চট্টগ্রাম August 22, 2026

রোয়াংছড়িতে স্কুল ও কলেজে পড়ুয়া সাধারণ শিক্ষার্থীদের সাথে পিসিপি’র বনভোজন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

হিল ভয়েস, ২২ আগস্ট ২০২৬, বান্দরবান: বান্দরবান জেলায় পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের (পিসিপি) রোয়াংছড়ি থানা শাখার উদ্যোগে রোয়াংছড়িতে অবস্থানরত স্কুল ও কলেজে অধ্যয়নরত সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এক বনভোজন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২১ আগস্ট ২০২৬ শুক্রবার উক্ত বনভোজন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত বনভোজন ও মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও বান্দরবান জেলা শাখার সহ-সভাপতি সিংওয়াই মং মারমা, পাহাড়ী ছাত্র পরিষদ বান্দরবান জেলা শাখার সদস্য উক্যমং মারমা ও বান্দরবান বুনোফুল বিতর্ক ও সংস্কৃতি সংগঠনের সভাপতি ক্যহিন মারমা।

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের রোয়াংছড়ি থানা শাখার সাধারণ সম্পাদক চসিং থোয়াই মারমার সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক অংসাপ্রু মারমা।

আলোচনা সভায় অতিথিবৃন্দরা পার্বত্য চট্টগ্রামের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ছাত্র ও যুব সমাজের ভূমিকা ও করণীয় তুলে ধরেন। তারা আরও অভিযোগ করেন, শাসকগোষ্ঠী পাহাড়ের ছাত্র ও যুব সমাজকে রাজনীতিবিমুখ করতে বিভিন্ন ষড়যন্ত্র ও সুযোগ-সুবিধার ফাঁদ তৈরি করছে। এসব প্রতিকূলতা অতিক্রম করে পাহাড় ও সমতলের আদিবাসীদের অধিকার আদায়ের সংগ্রামকে আরও জোরদার করার আহ্বান জানান তারা।

একই সাথে জুম্ম জনগণের মুক্তির সনদ পার্বত্য চট্টগ্রাম চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নের লক্ষ্যে উপস্থিত সকল শিক্ষার্থীদের বৃহত্তর আন্দোলনে সক্রিয়ভাবে শামিল হওয়ার আহ্বান জানানো হয়।

অবশেষে পাহাড়ী ছাত্র পরিষদের রোয়াংছড়ি থানা শাখার সভাপতি মনিলাল তঞ্চঙ্গ্যার সমাপনী বক্তব্যের মাধ্যমে দিনব্যাপী এই বনভোজন ও মতবিনিময় সভার সমাপ্তি ঘটে।