হিল ভয়েস, ১৬ জুন ২০২৬, গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে রাধাগোবিন্দ মন্দিরে আরাধ্য শ্রীরামচন্দ্রের বিগ্রহ গুঁড়িয়ে দেয়ার হুমকি এবং শ্রীরামচন্দ্রের ছবিতে সাম্প্রদায়িক মহলবিশেষ কর্তৃক জুতাপেটা করে সনাতনীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্ম অবমাননার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ। গত ১৪ জুন রাত ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ এই বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিলের আয়োজন করা হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দেশে বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার ঘটনা ঘটছে, যা সংখ্যালঘু সম্প্রদায়ের জন্যে গভীর উদ্বেগজনক এবং ভগবান শ্রীরামের ছবিতে অবমাননার ঘটনায় সারা দেশব্যাপী সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে পরিকল্পিতভাবে বিদ্বেষ ছড়ানোর পায়তারা করছে একটি সাম্প্রদায়িক অপশক্তি।
বক্তারা আরো বলেন, এ ধরনের ঘটনা শুধু একটি সম্প্রদায়ের অনুভূতিতেই আঘাত করে না, বরং সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধকেও ক্ষতিগ্রস্ত করে। ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সরকার ও প্রশাসনের নিকট উক্ত ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের আহ্বান জানান।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংখ্যালঘু ঐক্যমোর্চার পলাশ কান্তি দে, হিন্দু যুব মহাজোটের সভাপতি প্রদীপ কান্তি দে এবং সাধারণ সম্পাদক রাজেশ নাহা, বাংলাদেশ সনাতন মহাসংঘের সভাপতি পীযূষ দাস, বাংলাদেশ সনাতন পার্টির সাধারণ সম্পাদক এডভোকেট সুমন রায়, হিন্দু ছাত্র মহাজোটের সাধারণ সম্পাদক রাজীব চন্দ্র সাহা, জাগো হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক নিতাই দেবনাথ, বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সজীব সরকার, সহ-সভাপতি অনিক মজুমদার ও সুশান্ত মোহন্ত এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দীপঙ্কর শীল।
রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি জাতীয় জাদুঘরের সামনে গিয়ে শেষ হয়।