Tuesday, 22 Sep 2026
আদিবাসী অধিকার March 20, 2021

সিরাজগঞ্জে গৃহশিক্ষক কর্তৃক আদিবাসী কলেজ ছাত্রী ধর্ষণের শিকার

হিল ভয়েস, ১৯ মার্চ ২০২১, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে গৃহশিক্ষকের বিরুদ্ধে কলেজ পড়ুয়া এক আদিবাসী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯:০০ টার দিকে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত আবু সাইদ মোল্লা (৩৮) উপজেলার তালম ইউনিয়নের গুল্টাহাজি পাড়া গ্রামের মৃত জাফর মোল্লার ছেলে।
এ ঘটনায় নির্যাতনের শিকার কলেজ ছাত্রীর (১৭) বাবা তাড়াশ থানায় একটি অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯:০০ টার দিকে আদিবাসী কলেজ ছাত্রীর বাবা-মা তাদের বাজারের একটি স্টলে চা বিক্রি করছিলেন। এই সুযোগে আবু সাইদ আদিবাসী কলেজ ছাত্রীকে পড়াতে এসে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। পরে তার চিৎকারে লোকজন এগিয়ে এসে অভিযুক্তকে আটক করে ব্যাপক মারপিট করে। মুমূর্ষু অবস্থায় ওই ধর্ষণের চেষ্টাকারী যুবককে উদ্ধার করে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন।

এ প্রসঙ্গে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, এ ঘটনা তদন্তের জন্য থানার এসআই আব্দুল মতিনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।