Tuesday, 22 Sep 2026
আন্তর্জাতিক August 30, 2026

হেগ শহরে অনুষ্ঠিত হচ্ছে ইউএনপিও আত্মনিয়ন্ত্রণাধিকার সম্মেলন ও ২১তম সাধারণ পরিষদের অধিবেশন

হিল ভয়েস, ২৯ আগষ্ট ২০২৬, আন্তর্জাতিক ডেস্ক: নেদারল্যান্ডের দ্যা হেগ শহরে আনরেপ্রেন্টেড নেশন এণ্ড পিপলস অর্গানাইজেশন (UNPO)-এর ৩৫ বর্ষপূর্তি উপলক্ষ্যে আত্মনিয়ন্ত্রণাধিকারের নতুন রূপায়ন বিষয়ক সম্মেলন (Re-imagining Self-determination Conference) অনুষ্ঠিত হয়েছে। গত ২৭-২৮ আগষ্ট দুইদিন ব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইউএনপিও-এর প্রেসিডেন্ট রুবিনা গ্রিনউড; ‘সিটি অফ পিস অ্যান্ড জাস্টিস’-এর বিশেষ দূত ডায়ানা এগলস্টন; পৃষ্ঠপোষক এডুয়ার্ডো ওয়েলশ এবং ইউএনপিও-র মহাসচিব মার্সে মনজে কানোর উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে এই দুদিনব্যাপী সম্মেলনের রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক প্রেক্ষাপট তুলে ধরা হয়।

পার্বত্য চট্টগ্রামের পক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিনিধি হিসেবে প্রীতিবিন্দু চাকমা ও ইঞ্জেবি চাকমা উক্ত সম্মেলনে অংশগ্রহণ করেন।

আত্মনিয়ন্ত্রণাধিকারের উপর দুইদিন ব্যাপী সম্মেলনের পর ২৯-৩০ আগষ্ট ইউএনপিও’র ২১তম সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য যে, ১৯৯১ সালের ১১ই ফেব্রুয়ারি সকালে, ইউএনপিও প্রতিষ্ঠার লক্ষ্যে হেগের ‘পিস প্যালেস’-এ ১৫টি জাতি ও জনগোষ্ঠীর প্রতিনিধিরা সমবেত হয়েছিলেন। প্রতিটি প্রতিনিধিদল পর্যায়ক্রমে সেই সনদে স্বাক্ষর করেন; প্রত্যেকেই নিজ নিজ মাতৃভাষায় বক্তব্য রাখেন এবং সংহতি ও অভিন্ন আকাঙ্ক্ষা প্রকাশের মধ্য দিয়ে নিজ নিজ জনগোষ্ঠীর প্রতি শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।

পঁয়ত্রিশ বছর পর, ইউএনপিও পুনরায় হেগ শহবে ফিরে এসেছে। সেই যাত্রাকে স্মরণীয় করে রাখতে বৃহস্পতিবার (২৭ আগষ্ট) সন্ধ্যায় প্রতিষ্ঠাতা সদস্য, প্রাক্তন সদস্য, প্রাক্তন কর্মী এবং দীর্ঘদিনের সহযোগীরা একত্রিত হয়েছেন। স্মৃতিচারণ ও ভবিষ্যতের প্রতি অঙ্গীকারের আবহে এখানে নানা ভাবনা তুলে ধরা হয় এবং সংগঠনের ইতিহাস ও সদস্যবৃন্দের মধ্যে পারস্পরিক সংযোগ স্থাপনের সুযোগ তৈরি হয়।

বক্তাদের মধ্যে ছিলেন ইউএনপিও-র মহাসচিব মার্সে মনজে ক্যানো এবং ইউএনপিও-র প্রেসিডেন্ট রুবিনা গ্রিনউড।