হিল ভয়েস, ২৫ এপ্রিল ২০২৬, বিশেষ প্রতিবেদক: বান্দরবান জেলাধীন আলীকদম উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী কুরুকপাতা ইউনিয়নে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি ভিত্তিতে মেডিকেল ক্যাম্প স্থাপনের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন।
আজ (২৫ এপ্রিল ২০২৬) শনিবার গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতির মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলনের দুই যুগ্ম-সমন্বয়কারী এই দাবি জানান।
পার্বত্য চট্টগ্রামে চুক্তি বাস্তবায়ন আন্দোলনের দুই যুগ্ম-সমন্বয়কারী মানবাধিকার কর্মী জাকির হোসেন ও অধ্যাপক ড খায়রুল ইসলাম চৌধুরী এক যুক্ত বিবৃতিতে বলেন, আলীকদম উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী কুরুকপাতা ইউনিয়নের দূরবর্তী এলাকায হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সেখানে গণপরিবহনও নেই। তাই আলীকদম সদর হাসপাতালে শিশুদের নিয়ে আসা একটা কষ্টসাধ্য ও দুরূহ প্রক্রিয়া। তা সত্বেও আলীকদম হাসপাতালে কুরুকপাাতা ইউনিয়ন থেকে হাম আক্রান্ত শিশু ও তাদের অবিভাবকদের সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। গণমাধ্যমে প্রকাশিত তথ্য ও স্থানীয় নির্ভরযোগ্য সূত্র জানাচ্ছে ইতোমধ্যে কুরুকপাতা ইউনিয়নের ৪ জন শিশুর হামে মৃত্যু হয়েছে।
যুক্ত বিবৃতিতে দুই যুগ্ম সমন্বয়কারী বলেন, কুরুকপাতা ইউনিয়নে হামের প্রাদুর্ভাব মোকাবিলা করতে সেখানে জরুরি ভিত্তিতে অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্হাপন করে চিকিৎসা সেবা পরিচালনা করার জন্য সরকারের সংশ্লিষ্টদের বিশেষ উদ্যোগ গ্রহণ করতে হবে।
দুই যুগ্ম সমন্বয়কারী বিবৃতিতে শিশুদের পুষ্টি ও নিরাপদ পানীয় জল নিশ্চিত করতে কুরুকপাতা ইউনিয়নে বিশেষ স্বাস্থ্য প্রণোদনা কর্মসূচি শুরু করার জন্য সরকারের কাছে জোর দাবি জানান। সেই সাথে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সমূহকেও কুরুকপাতা ইউনিয়নে বেসরকারি উদ্যোগে মেডিকেল ক্যাম্প চালু করার জন্য দুই যুগ্ম সমন্বয়কারী সংশ্লিষ্টদের কাছে রিশেষ অনুরোধ জানিয়ে সহায়তা কামনা করেছেন।