Tuesday, 22 Sep 2026
পার্বত্য চট্টগ্রাম June 10, 2026

শিশির চাকমার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা: চাঙমা সাহিত্য একাডেমির প্রতিবাদ

হিল ভয়েস, ১০ জুন, ২০২৬, দীঘিনালাঃ পার্বত্য চট্টগ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং জুম ঈসথেটিকস কাউন্সিল (জাক) এর সভাপতি শিশির চাকমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো ‘উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর’ অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চাঙমা সাহিত্য একাডেমি। গতকাল ৯ জুন ২০২৬, সংগঠনের পক্ষে ইনজেব চাঙমা স্বাক্ষরিত এক জোরালো প্রতিবাদ লিপিতে এই ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করা হয়।

প্রতিবাদলিপি সূত্রে জানা গেছে, গত ৮ ও ৯ জুন ২০২৬ তারিখে “Secret Reporter” নামের একটি ফেসবুক পেজ থেকে বিশিষ্ট শিক্ষাবিদ শিশির চাকমাকে লক্ষ্য করে একাধিক আপত্তিকর ও অবমাননাকর পোস্ট করা হয়। সেসব পোস্টে তাকে তথাকথিত “সুশীল” ও “দালাল” আখ্যা দেওয়ার পাশাপাশি কবি সুহৃদ চাকমার হত্যাকাণ্ড এবং একটি কথিত ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার মতো অত্যন্ত গুরুতর ও ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে।

প্রতিবাদকারীরা এই ঘটনাকে একটি সংঘবদ্ধ ও স্বার্থান্বেষী মহলের পরিকল্পিত অপচেষ্টা হিসেবে উল্লেখ করে বলেছেন, এ ধরনের অপপ্রচার কেবল ব্যক্তিগত মানহানিই নয়, বরং সামাজিকভাবে একটি অত্যন্ত বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন দৃষ্টান্ত স্থাপন করছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, কবি শিশির চাকমা পার্বত্য চট্টগ্রামের শিক্ষা, সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের এক সুপ্রতিষ্ঠিত ও সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তিনি আদিবাসীদের অন্যতম প্রধান সাংস্কৃতিক সংগঠন “জুম ঈসথেটিকস কাউন্সিল (জাক) এর বর্তমান সভাপতি, হিল রাইটার্স ইউনিয়ন এর সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা এবং ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান “মোনঘর” এর সাবেক অধ্যক্ষ হিসেবে দীর্ঘদিন নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এছাড়া আদিবাসী অধিকার রক্ষা, সংস্কৃতি চর্চা এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের পক্ষে তিনি সর্বদা সক্রিয় ও দৃশ্যমান ভূমিকা রেখে চলেছেন।

শিশির চাকমার স্পষ্ট অবস্থান, নৈতিক দৃঢ়তা ও জনসম্পৃক্ত ভূমিকার কারণেই একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে তার চরিত্রহনন ও সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা চালাচ্ছে। আমরা এই নোংরা অপপ্রচার ও বিভাজনমূলক রাজনীতির তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এই মিথ্যাচার বন্ধের জোর দাবি করছি।

বিবৃতিতে আরও স্মরণ করিয়ে দেওয়া হয় যে, গণতান্ত্রিক সমাজে মতপার্থক্য থাকা স্বাভাবিক, কিন্তু মিথ্যা তথ্য ও অপবাদের মাধ্যমে সমাজকে বিভক্ত করার চেষ্টা কখনোই গ্রহণযোগ্য নয়।

দীঘিনালার অঝাপাত স্কোয়ারস্থিত চাঙমা সার্কেলের কার্যালয় থেকে পাঠানো এই বিবৃতিতে সংশ্লিষ্ট দায়িত্বশীল মহলকে অবিলম্বে অপপ্রচারের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে শিশির চাকমার সম্মান, নিরাপত্তা ও সামাজিক মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলা হয়—”অপপ্রচার বন্ধ করো, সত্য ও নৈতিকতার পথে ফিরে এসো।”