হিল ভয়েস, ১৯ আগস্ট ২০২৬, শেরপুর: গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার পশ্চিম গজারীকুড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে টিয়া চাম্বুগং নামে এক আদিবাসী নারীকে মারধর ও গালে কামড় দিয়ে আহত করার অভিযোগ উঠেছে।
জানা যায়, ভুক্তভোগী টিয়া চাম্বুগং তার আত্মীয়দের নিয়ে একটি জমিতে ধান রোপণ করছিলেন। ধানের চারা রোপণের কাজ প্রায় অর্ধেক শেষ হওয়ার পর বুদু মিয়া ও তার স্ত্রী সেখানে গিয়ে টিয়া চাম্বুগংয়ের ওপর হামলা করেন। এ সময় তাকে লাঠি দিয়ে মারধর এবং গালে কামড় দিয়ে আহত করা হয় বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর টিয়া চাম্বুগং ও তার পরিবারের সদস্যরা ঝিনাইগাতী থানায় অভিযোগ করতে যান। পরে পুলিশ উভয় পক্ষকে থানায় ডেকে বিষয়টি মীমাংসা করে দেয় বলে জানা গেছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে পূর্ব গজারীকুড়া এলাকায় এক বাঙালি ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে আদিবাসী পরিবারগুলোর ওপর হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের পর নতুন করে পশ্চিম গজারীকুড়ায় আদিবাসী নারীকে মারধরের ঘটনায় স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
স্থানীয়দের মতে সে বিষয়ে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন। একই সাথে ভবিষ্যতে কোনো গ্রাম বা জনগোষ্ঠী যেন হামলা, হয়রানি কিংবা প্রতিশোধমূলক কর্মকাণ্ডের শিকার না হয়, সে জন্য প্রশাসনকে এখনই কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা। এছাড়া গ্রামবাসীরা জমি-সংক্রান্ত বিরোধসহ যেকোনো অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ সমাধানেরও দাবি জানান।