হিল ভয়েস, ৩১ আগস্ট ২০২৬, রাঙ্গামাটি: জুম্ম জাতীয় জাগরণের অগ্রদূত মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার (এম এন লারমা) ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আজ ৩১ আগস্ট, সোমবার রাঙ্গামাটি শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি) রাঙ্গামাটি শহর শাখা এবং হিল উইমেন্স ফেডারেশন রাঙ্গামাটি জেলা কমিটির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে প্রচারপত্র বিতরণ ও লেখা আহ্বানের কার্যক্রম পরিচালিত হয়।
এদিন ভেদভেদি পৌর উচ্চ বিদ্যালয়, মোনঘর স্কুল এন্ড কলেজ এবং রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ে এই প্রচারপত্র বিতরণ করা হয়। প্রচারপত্র বিতরণকালে উপস্থিত ছিলেন হিল উইমেন্স ফেডারেশন জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক সূচনা চাকমা, পিসিপি রাঙ্গামাটি শহর শাখার সভাপতি অনন্ত চাকমা ও সাধারণ সম্পাদক ইমন চাকমাসহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও গত ৩০ আগস্ট ২০২৬, রবিবার পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ বরকল থানা শাখার উদ্যোগে বরকল মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করা হয়। এসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রামের পাহাড়ী ছাত্র পরিষদ বরকল থানা শাখার সহ-সাধারন সম্পাদক জিটেশ চাকমা, সাংগঠনিক সম্পাদক রিন্টু চাকমাসহ পিসিপি বরকল রাগীব রাবেয়া কলেজ শাখার নেতৃবৃন্দ।
আয়োজক সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও এম এন লারমার জীবন-দর্শন সম্পর্কে সচেতনতা বাড়াতে মোট তিনটি বিভাগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে:
ক-বিভাগ (অষ্টম থেকে দশম শ্রেণি): বিষয় “পার্বত্য চট্টগ্রামে বসবাসরত জুম্ম জাতির জীবন ও জীবিকা” (ন্যূনতম ৮০০ শব্দ)।
খ-বিভাগ (একাদশ ও দ্বাদশ শ্রেণি): বিষয় “জুম্ম জাতীয়তাবাদ ও এম. এন. লারমা” (ন্যূনতম ১০০০ শব্দ)।
গ-বিভাগ (অনার্স ও মাস্টার্স): বিষয় “মানবেন্দ্র নারায়ণ লারমার জীবন ও দর্শন” (ন্যূনতম ১৫০০ শব্দ)।
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের আগামী ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে প্রবন্ধ জমা দিতে বলা হয়েছে। লেখা পাঠানোর ইমেইল ঠিকানা: chakmajuwel61@gmail.com, প্রয়োজনীয় তথ্যের জন্য ০১৫৭৬৫০২৬৬২ ও ০১৮১০২৭০১১৫ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
প্রতিটি প্রবন্ধের সাথে প্রতিযোগীর নাম, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, শ্রেণি/বর্ষ, মোবাইল নম্বর ও পূর্ণাঙ্গ ঠিকানা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।