হিল ভয়েস, ০২ সেপ্টেম্বর ২০২৬, বাঘাইছড়ি: জুম্ম জাতীয় জাগরণের অগ্রদূত মহান নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার (এম এন লারমা) ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বাঘাইছড়ির বিভিন্ন বিদ্যালয়ে প্রচারপত্র বিতরণ ও লেখা আহ্বান কার্যক্রম পরিচালনা করেছে পিসিপির বাঘাইছড়ি থানা শাখা।
আজ বুধবার ০২ সেপ্টেম্বর ২০২৬, পিসিপি বাঘাইছড়ি থানা শাখার সাধারণ সম্পাদক সুদর্শন চাকমার নেতৃত্বে সারোয়াতুলি, বাঘাইছড়ি ও মারিশ্যা ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই প্রচারণা পরিচালিত হয়। একই সঙ্গে সংগঠনের সাংগঠনিক সম্পাদক রুপেশ চাকমার নেতৃত্বে খেদারমারা ইউনিয়নের বিদ্যালয়গুলোতে একই কার্যক্রম চালানো হয়।
প্রচারপত্র বিতরণের পাশাপাশি পিসিপির নেতৃবৃন্দ স্থানীয় শিক্ষকদের সঙ্গে সমসাময়িক নানা বিষয়ে আলোচনা করেন। এ সময় তাঁরা শিক্ষার্থীদের মাঝে এম এন লারমার জীবন, রাজনৈতিক আদর্শ ও পার্বত্য চট্টগ্রামের জুম্ম জনগণের অধিকার আদায়ের সংগ্রামের ইতিহাস তুলে ধরেন।
পিসিপির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বাঘাইছড়ির স্থানীয় শিক্ষকরা বলেন, এম এন লারমা এবং জুম্ম জাতীয় জীবন একসূত্রে গাঁথা। তাঁকে বাদ দিয়ে জুম্ম জাতির ইতিহাস লেখা সম্ভব নয়। নতুন প্রজন্মের কাছে এই মহান নেতার আদর্শ ও সংগ্রাম পৌঁছে দিতে উদযাপন কমিটির এই প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন অত্যন্ত সময়োপযোগী এবং প্রশংসনীয় বলে মন্তব্য করেন শিক্ষকেরা।