Tuesday, 22 Sep 2026
পার্বত্য চট্টগ্রাম September 13, 2026

টিঅ্যান্ডটি এলাকায় অবস্থানরত ছাত্র ও যুবকদের সাথে পিসিপি ও যুব সমিতির মতবিনিময়

হিল ভয়েস, ১২ সেপ্টেম্বর ২০২৬, রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলা সদরের রায় বাহাদুর সড়ক (টিঅ্যান্ডটি) এলাকায় অবস্থানরত ছাত্র ও যুবকদের সাথে মতবিনিময় করেছে পার্বত্য চট্টগ্রাম যুব সমিতি ও পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি)।

আজ শনিবার ১২ সেপ্টেম্বর ২০২৬, সংগঠন দুটির যৌথ উদ্যোগে স্থানীয় শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি ও বর্তমান পরিস্থিতি নিয়ে উক্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির রাঙ্গামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমিত্র চাকমা এবং পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের (পিসিপি) রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি সুমন চাকমা। এছাড়াও পিসিপির রাঙ্গামাটি শহর শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত বক্তারা, টিঅ্যান্ডটি এলাকায় ক্রমবর্ধমান মাদকের ভয়াবহতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বক্তারা বলেন, দূর-দূরান্ত থেকে পড়াশোনার উদ্দেশ্যে এসে অনেক শিক্ষার্থী মাদকের জালে জড়িয়ে পড়ে পড়াশোনা থেকে ছিটকে পড়ছে। এ ধরনের ধ্বংসাত্মক পথ থেকে দূরে থাকতে এবং নিজেদের সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করতে শিক্ষার্থীদের প্রতি জোর তাগিদ দেন নেতৃবৃন্দ।

পার্বত্য চট্টগ্রামের বর্তমান পরিস্থিতি ও সংকট তুলে ধরে বক্তারা আরও বলেন, অধিকার আদায়ের আন্দোলনকে বেগবান করতে ছাত্র ও যুব সমাজকে রাজনৈতিকভাবে সচেতন হতে হবে। অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে শামিল হওয়ার আহ্বান জানান তারা।

সভায় স্থানীয় এলাকাকে মাদকমুক্ত রাখা এবং তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করতে সবাইকে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।